আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় অদম্য নারী পুরস্কার কার্যক্রমের আওতায় সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়াকে 'গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী' সম্মাননায় ভূষিত করতে যাচ্ছে। আজ শুক্রবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ৮ মার্চ ঢাকার ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে খালেদা জিয়াকে এ সম্মাননা দেয়া হবে। আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে অদম্য নেতৃত্ব প্রদান এবং গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় খালেদা জিয়া অসামান্য অবদান রাখায় এ পুরস্কার দেয়া হচ্ছে।

এতে আরো বলা হয়, অন্যান্য বছরের ন্যায় এ বছরেও পাঁচটি ক্যাটাগরিতে পাঁচ নারীকে ‘‌শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে পুরস্কার দেয়া হবে। তারা হলেন, অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন, সফল জননী নারী ক্যাটাগরিতে নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন।