নরসিংদীর ঘোড়াশাল ও রায়পুরায় পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে ও ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছে। গতকাল সকালে তাদের দুজনের মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ।

রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে নিহত যুবকের বয়স আনুমানিক (২৫) এবং পলাশের ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় নিহত কিশোরের বয়স আনুমানিক (১৭)।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোড়াশাল রেলওয়ে স্টেশনসংলগ্ন স্থানে শুক্রবার রাত ১২টার পর থেকে গতকাল সকাল ৬টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটেছে।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী জানিয়েছেন, রায়পুরায় ট্রেনে কাটা পড়ে দুই পা ও দুই হাত বিচ্ছিন্ন হয়ে নিহত অজ্ঞাতনামা এক যুবক ও পলাশে ট্রেনের ধাক্কায় মাথা থেঁতলে গিয়ে নিহত অজ্ঞাতনামা এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। ভৈরব রেলওয়ে থানায় পুলিশ বাদী হয়ে দুটি অপমৃত্যু মামলা করেছে।