আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই আন্তর্জাতিক আইন ও নিজস্ব সংবিধানের প্রতি অঙ্গীকার অনুসারে শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকারের প্রতি সম্মান দেখাতে হবে।

গতকাল বুধবার (১৮ জুলাই) এক বিবৃতিতে সংস্থাটি এসব কথা বলেছে। সংস্থাটির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক গবেষক তকবীর হুদা বলেন, শিক্ষার্থী আবু সাঈদ হত্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের অন্যান্য ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে অ্যামনেস্টি। তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের আরো ক্ষতি থেকে রক্ষা করতে হবে।

অ্যামনেস্টি বিবৃতিতে বলে, চলমান বাংলা ব্লকেড চলার সময় বাংলাদেশী কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বিরুদ্ধে বেআইনি শক্তি প্রয়োগ করেছে। সারা দেশে চলমান আন্দোলনের সময় তাদের সুরক্ষা নিশ্চিত করতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ, ভিডিও ও ছবি বিশ্লেষণ করে বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের বেআইনি বলপ্রয়োগের বিষয়টি নিশ্চিত করে সংস্থাটি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী বিক্ষোভকারীদের বিরুদ্ধে বহু বছরের সহিংসতার ধারাবাহিকতার বিষয়টিও নিশ্চিত করে। এ সহিংসতায় ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সদস্যদের জড়িত থাকার অভিযোগ আছে।