গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এডিস মশাবাহিত এ রোগে চলতি মাসে গত ৬ দিনে এখন পর্যন্ত ৩৩ জন প্রাণ হারাল। এ নিয়ে এখন পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হলো ৩৩০ জনের।

আজ বুধবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এছাড়াও সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১০৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালের দুজন, চট্টগ্রাম বিভাগের একজন ও খুলনা বিভাগের একজন।

এতে আরো বলা হয়, গতকাল সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১ হাজার ১০৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ২৯২ জন ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে। এরপর ঢাকা বিভাগের হাসপাতালে ১৮৮, চট্টগ্রাম বিভাগে ১৬৬, খুলনা বিভাগে ১৩৯, বরিশাল বিভাগে ১০৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৫, রাজশাহী বিভাগে ৫২, ময়মনসিংহ বিভাগে ৪৫, রংপুর বিভাগে ২০ জন ও সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ৫ জন ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, চলতি বছর আজ বুধবার পর্যন্ত ৬৮ হাজার ২৪৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৪ হাজার ৬০২ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে। দ্বিতীয় সর্বোচ্চ ১২ হাজার ৯১৫ রোগী ভর্তি হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে। আর ১১ হাজার ৬৬০ ডেঙ্গু রোগী চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।