জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। অন্যদিকে পৃথক প্রজ্ঞাপনে কবি–প্রবন্ধকার এ এইচ এম সাখাওয়াত উল্লাহকে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। তিনি সাখাওয়াত টিপু নামে পরিচিত।

গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। এক প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত আফসানা বেগমের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়, এ এইচ এম সাখাওয়াত উল্লাহকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো। এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

প্রসঙ্গত, ২০২৪ সালের সেপ্টেম্বরে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন আফসানা বেগম। তখন এ নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, অন্যান্য প্রতিষ্ঠান–সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেয়া হলো। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে। তার মেয়াদ হবে দুই বছর। তবে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই আফসানা বেগমের নিয়োগ বাতিল করা হলো।