ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণসহ ছয় দফা দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন বরিশালের বাবুগঞ্জে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এর আগে গতকাল সকালে সাড়ে ১০টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষকে কক্ষে তালাবদ্ধ করে ক্যাম্পাসে বিক্ষোভ করেন।
ক্যাম্পাসে বিক্ষোভ শেষে বরিশাল-ঢাকা মহাসড়কে এসে অবস্থান নেন শিক্ষার্থীরা। ২০ মিনিটের মতো অবস্থানের পর পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে শিক্ষার্থীরা বাবুগঞ্জের রহমতপুর ব্রিজ এলাকার দুই পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে বরিশাল খামারবাড়ীর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ফজলুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তারা শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন এবং তাদের সঙ্গে আলোচনায় বসেন।
কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী সিয়াম সরদার জানান, শ্রেণী কক্ষে বিনা কারণে শিক্ষার্থীদের হেনস্থা, ধর্ম নিয়ে কটাক্ষ, কল্যাণ তহবিলের নামে অর্থ নিয়ে তা শিক্ষার্থীদের সহযোগিতায় ব্যবহার না করা ও শিক্ষার্থীদের বিনা কারণে মাদক মামলায় ফাঁসানোর হুমকির প্রতিবাদে অধ্যক্ষ মোহাম্মদ আলী জিন্নাহর অপসারণ চান তারা।
শিক্ষার্থী শচীন্দ্র বিশ্বাস বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী জিন্নাহকে বদলি, নতুন অধ্যক্ষ নিয়োগ, কলেজের ছাত্র সংসদ প্রতিষ্ঠা, অতিরিক্ত ভর্তি নেয়া বন্ধ, ছাত্রীদের যৌন হয়রানিসহ নানা হুমকির বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলী জিন্নাহ জানান, সকাল সাড়ে ১০টা থেকে তিনিসহ ৮-১০ জন অবরুদ্ধ হন। খামারবাড়ীর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ফজলুল হক ও
ইউএনও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন। শিক্ষার্থীরা আগে কিছু না জানিয়ে বিক্ষোভ করেছেন। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে অধ্যক্ষ বলেন, সামনাসামনি আলোচনা না হলে তো বলতে পারব না, তারা কি অভিযোগ এনেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হবে।









