বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার (বিবিসিসি) পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট ফেরদৌস আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দলটি গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে বাংলাদেশে কানাডার বিনিয়োগ সুরক্ষায় প্রয়োজনীয় আইনি কাঠামো প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে বিবিসিসি। একই সঙ্গে বাংলাদেশে প্রয়োজনীয় পরীক্ষাগার সুবিধা না থাকায় কানাডায় বাংলাদেশ থেকে চিংড়ি রফতানিতে যে সমস্যা হচ্ছে, সে বিষয়টিও তুলে ধরে প্রতিনিধি দল।
বিবিসিসির প্রতিনিধিরা জানান, চীন ও ভিয়েতনাম থেকে বিপুল পরিমাণ তৈরি পোশাক আমদানি করে কানাডা। দেশটির বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে বলেও তারা উল্লেখ করেন।
তারা আরো জানান, কানাডা তথ্যপ্রযুক্তি (আইটি) আউটসোর্সিংয়ের একটি বিশাল বাজার। দক্ষ জনশক্তি থাকা সত্ত্বেও এ বাজারে বাংলাদেশের অংশগ্রহণ অত্যন্ত কম। এক্ষেত্রে বাংলাদেশের জন্য বড় ধরনের সুযোগ রয়েছে। এছাড়া কানাডায় বাংলাদেশ থেকে পাটজাত পণ্য ও চামড়াজাত পণ্যের রফতানি বাড়ানোরও যথেষ্ট সুযোগ রয়েছে বলে প্রতিনিধি দল জানায়।
বিবিসিসির প্রতিনিধিরা জানান, বাংলাদেশী পণ্যের প্রচারের লক্ষ্যে আগামী বছর কানাডায় একটি রোডশো আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের। এ উদ্যোগে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন তারা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিনিধি দলকে আশ্বস্ত করে বলেন, ‘বিবিসিসির প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া হবে।’










