জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহে আয়োজিত সমাবেশে ছাত্রদল ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর দক্ষিণ চরকালিবাড়ি দাখিল মাদরাসা মাঠে এ সংঘর্ষ হয়।
এসময় কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন ও পরিদর্শক (অপারেশন)
ওয়াজেদ আলীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ছাত্রদলের ৮ নেতাকর্মীকে আটক
করেছে।
কোতোয়ালি
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, সমাবেশের নির্ধারিত সময়
পেরিয়ে যাওয়ায় অনুষ্ঠান শেষ করতে বলায় ক্ষিপ্ত হয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে
বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ছোড়ে পুলিশ।
ছাত্রদল
নেতাদের দাবি, বিনা উসকানিতে পুলিশ তাদের সভায় হামলা করে সভা পন্ড করে দিয়েছে। একইসঙ্গে
নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণ ও লাঠিচার্জ করে। এতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী
গুলিবিদ্ধ হন। আহত হন কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন শ্যামলসহ আরও অনেকে।
ময়মনসিংহের
পুলিশ সুপার আহমার উজ্জামান বণিক বার্তাকে বলেন, নির্ধারিত
সময় পেরিয়ে গেলে তাদের সভা দ্রুত শেষ করতে বলা হলে ক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা করে। এতে
পুলিশের কয়েকজন আহত হন, তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে
ভর্তি করা হয়েছে।










