সড়ক দুর্ঘটনায় দেশের চার জেলায় নিহত হয়েছেন ছয়জন। আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল ও আগের দিন রাতে নোয়াখালী, কুমিল্লা, রাজবাড়ী ও নওগাঁয় এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে নোয়াখালী ও কুমিল্লায় নিহত হয়েছেন চারজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
নোয়াখালী: জেলার বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সরুগোপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে মো. ইমন (২৪) ও একই গ্রামের আব্দুল হক ডাক্তার বাড়ির আব্দুল হকের ছেলে নুর হোসেন রিফাত (২০)।
নিহত রিফাতের বড় ভাই রাকিব জানান, ইমন ও রিফাত একসঙ্গে ইলেকট্রিক প্লাম্বারের কাজ শিখছেন। সকালে তারা বাড়ি থেকে মোটরসাইকেলে চৌমুহনী বাজার এলাকায় যাচ্ছিলেন। পথে সরুগোপোল এলাকায় পৌঁছলে চৌমুহনীগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তারা দুজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাদের ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে রিফাতকে ঢাকায় নেয়ার পথে বেলা পৌনে ২টার দিকে তারও মৃত্যু হয়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর পরই চালক ট্রাক নিয়ে পালিয়ে যান। একজনের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে। অন্যজনের মরদেহ পরিবার নিয়ে গেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কুমিল্লা: জেলার নাঙ্গলকোটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার রাত ১১টার দিকে উপজেলার মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পেরিয়া গ্রামের জাফর সওদাগরের ছেলে আরিফুল ইসলাম নয়ন (২৬) ও মুখরা ইউনিয়নের মৃত নুরুল ইসলামের ছেলে আহসান হাবিব মজুমদার (৪০)। নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজবাড়ী: পাংশায় ট্রাকচাপায় রবিউল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে বাগদুলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের ঘাটরা গ্রামের তবজেল হোসেনের ছেলে।
নওগাঁ: রানীনগরে অটোভ্যানের ধাক্কায় সাখাওয়াত (৬) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সকালে উপজেলা সদরের পূর্ব বালুভরা পেট্রল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাখাওয়াত সদর উপজেলার মকরামপুর গ্রামের হাসান আলীর ছেলে। রানীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।










