তৃতীয় দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও একমাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রিটার্ন দাখিলের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এনবিআরের কর্মকর্তা মো. একরামুল হক সই করা আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।
এর আগে দ্বিতীয় দফায় অনলাইনে রিটার্ন দাখিলের সময় একমাস বাড়ানো হয়েছিল, যা ৩১ জানুয়ারি শেষ হচ্ছে। আয়কর আইন অনুযায়ী গত বছরের ৩০ নভেম্বর আয়কর রিটার্ন দাখিলের শেষদিন ছিল। পরবর্তীতে সময় বৃদ্ধি করে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল।
চলতি (২০২৫-২৬) অর্থবছরে এখন পর্যন্ত ৩১ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই-রিটার্ন জমা দিয়েছে। গত আগস্টে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করে এনবিআর।










