ভারতের প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করে ফের দেশটির ওপর আরো শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে নয়াদিল্লি। বিষয়টি নিয়ে ট্রাম্প যে ক্ষুব্ধ তা-ও স্পষ্ট করে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তার ক্ষোভের কারণ জানতেন বলে দাবি করেছেন ট্রাম্প।রোববার (৪ জানুয়ারি) প্রেসিডেন্টের বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এসব বলেছেন খবর রয়টার্স।
ট্রাম্প বলেছেন, ‘রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে ভারত। আমরা ওদের উপর খুব তাড়াতাড়ি আরো বেশি শুল্ক আরোপ করতে পারি। তবে এসময় আরও এক বার মোদির প্রশংসাও শোনা গিয়েছে ট্রাম্পের মুখে। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদি একজন খুব ভালো মানুষ। কিন্তু উনিও জানতেন, আমি খুশি নই। তার আমাকে খুশি রাখা জরুরি ছিল।’
ট্রাম্প ‘অখুশি’ থাকার কারণ সবিস্তার ব্যাখ্যা না করলেও রাশিয়া থেকে ভারতের তেল আমদানি অব্যাহত রাখার সিদ্ধান্ত সুনজরে দেখছেন না মার্কিন প্রেসিডেন্ট। গত অক্টোবর মাসে ট্রাম্প দাবি করেছিলেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেওয়ার বিষয়ে তাকে আশ্বস্ত করেছেন মোদি। যদিও ভারতের তরফে সেই সময় স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছিল, ট্রাম্পের সঙ্গে এই বিষয়ে কোনও আলোচনাই হয়নি মোদির।
প্রসঙ্গত, রাশিয়া থেকে অশোধিত তেল কেনার জন্য শাস্তি হিসেবে ভারতের উপরে বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে এ দেশের পণ্যের তাদের মোট শুল্ক ৫০ শতাংশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির অন্যতম শর্ত হিসেবেও রুশ তেল আমদানি বন্ধ করার চাপ রয়েছে নয়াদিল্লির উপর। তা ছাড়া রাশিয়ার দুই তেল সংস্থা রসনেফ্ট ও লুকঅয়েলের উপরেও নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে ট্রাম্প প্রশাসন।










