কৃত্রিম বুদ্ধিমত্তা আইন ও নীতিমালা প্রণয়নে সমন্বয় থাকা প্রয়োজন বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিমালা ও কৃত্রিম বুদ্ধিমত্তা আইনের মধ্যে একটি সমন্বয় থাকা প্রয়োজন। নীতিমালার বাইরে আইন করেও লাভ নেই, আবার আইনের বাইরে নীতিমালা করা অর্থহীন।’ গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে কৃত্রিম বুদ্ধিমত্তা আইন, ২০২৪-এর খসড়া তৈরি নিয়ে অংশীজন সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আগে আমরা একটি খসড়া তৈরি করে আপনাদের সঙ্গে বসতাম। এখন থেকে আমরা আপনাদের সঙ্গে বসে তারপর খসড়া তৈরি করতে চাই।’
সভায় সভাপতির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এআইয়ের ঝুঁকি কতটুকু তার উদাহরণ দিয়ে বলেন, ‘যশোরে শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি পার্কটি ২০১৭ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে ফেক ফটো প্রচার করা হয়েছে।’
এ সময় আরো বক্তব্য দেন আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার, তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, বিটিআরসির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, বিটিআরসির কমিশনার, মহাপরিচালক ও সংশ্লিষ্ট অংশীজন।










