বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননা ‘নোবেল পুরস্কার-২০২৬’ বিজয়ীদের নাম ঘোষণা শুরু আজ। চিকিৎসাবিজ্ঞানে পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শুরু হবে এবারের নোবেল সপ্তাহ। ধারাবাহিকভাবে ছয়টি বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ৫ থেকে ১২ অক্টোবরের মধ্যে।

প্রথা অনুযায়ী, প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার শুরু হয় বিজয়ীদের নাম ঘোষণা। সে হিসেবে এবার নোবেল পুরস্কার-২০২৬-এর প্রথম ঘোষণা আসবে আজ। সুইডেনের স্থানীয় সময় বেলা ১১টা ৩০ মিনিটের পর স্টকহোমের কারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি থেকে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। আগামীকাল ঘোষণা করা হবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস থেকে স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটের পর এ ঘোষণা আসার কথা রয়েছে।

৭ অক্টোবর একই সময় ও একই প্রতিষ্ঠান থেকে ঘোষণা করা হবে রসায়নে নোবেল পুরস্কার। বিজ্ঞানীদের পাশাপাশি বিশ্বজুড়ে গবেষণাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোর নজর থাকবে এ ঘোষণার দিকে।

সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হবে ৮ অক্টোবর। ওইদিন স্থানীয় সময় বেলা ১টার পর সুইডিশ একাডেমি স্টকহোম থেকে এ পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করবে। ৯ অক্টোবর ঘোষণা করা হবে নোবেল শান্তি পুরস্কার। নরওয়ের রাজধানী অসলোতে নরওয়েজিয়ান নোবেল কমিটি স্থানীয় সময় বেলা ১১টায় এ পুরস্কার ঘোষণা করবে।

আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোম ও অসলোতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।