ফরিদপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ফরিদপুরের মূল পয়েন্টে ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপৎসীমার ৭৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যার কারণে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর, নর্থচ্যানেল, চরমাধবদিয়া ও আলিয়াবাদ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকাসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ ছাড়া সদরপুর, চরভদ্রাসন ও ভাঙা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে পানি ঢুকে যাওয়ায় সেখানকার প্রায় ৬০টি গ্রাম প্লাবিত হয়েছে।
বিভিন্ন এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। জিও ব্যাগ ফেলে তা রোধের চেষ্টা অব্যাহত আছে। ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহামুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।









