মাদারীপুরে নসিমনের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া ফরিদপুর ও কুষ্টিয়ায় আরো দুজনের প্রাণহানি হয়েছে। গত মঙ্গলবার রাতে ও গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-

মাদারীপুর: রিফাত বালী (১৯) ও মারুফ সরদার (৩০) নামে দুই যুবক মাদারীপুর শহর থেকে গত মঙ্গলবার রাতে মোটরসাইকেলে মঠেরবাজার যাচ্ছিলেন। মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে আসমত আলী খান সেতুর টোল প্লাজার কাছে এলে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক রিফাত বালী মারা যান। স্থানীয়রা আহত মারুফ সরদারকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

নিহত রিফাত বালী মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলী বালীর ছেলে ও মারুফ সরদার একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃধার মোড় এলাকার মুক্তার সরদারের ছেলে। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ফরিদপুর: সালথায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনের পেছনে ধাক্কা লেগে আজম শেখ (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মো. শওকত হোসেন (২৫) নামে আরেক যুবক। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজম ওই ইউনিয়নের ঝুনাখালী গ্রামের আজাহার শেখের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলে আজম ও শওকত ঠেনঠেনিয়া বাজারে যাচ্ছিলেন। পথে ভাবুকদিয়া জাহাঙ্গীর মোল্যার বাড়ির সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি নসিমনের পেছনে ধাক্কা লাগে। এতে আজম ও শওকত গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আজমকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া: রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে অন্য ট্রাকের হেলপার নিহত হয়েছেন। গতকাল ভোরে সদর উপজেলার বটতৈল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম (১৮) ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রাজাবাড়ী এলাকার মোস্তফার ছেলে। কুষ্টিয়ার চৌড়হাঁস হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সোলাইমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে রুহুল ফিলিং স্টেশনের কাছে ঝিনাইদহগামী সবজিবোঝাই একটি ট্রাক রাস্তায় দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকের হেলপার শামীম ঘটনাস্থলেই মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।