দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ নতুন একটি কারখানা উদ্বোধন করেছে, যেখানে বিশ্বের সর্ববৃহৎ এফএমসিজি (নিত্য ব্যবহার্য পণ্য) কোম্পানি প্রক্টর অ্যান্ড গ্যাম্বেলের পণ্য উৎপাদন হবে। সম্প্রতি বাংলাদেশে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ভার্চুয়াল মাধ্যমে এর উদ্বোধন করেন।

প্রক্টর অ্যান্ড গ্যাম্বেলের চুক্তিভিত্তিক পণ্য উৎপাদন কর্মকাণ্ড পরিচালনা করবে প্রাণ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এপিসিএল। কারখানাটি হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত। এখানে রেজরসহ গ্রুমিং পণ্য উৎপাদিত হবে।

সালমান এফ রহমান বলেন, বাংলাদেশ সরকারের অন্যতম নীতি হচ্ছে দেশের বেসরকারি খাতকে উন্নত করা। আমি অত্যন্ত আনন্দিত যে, প্রক্টর অ্যান্ড গ্যাম্বেল বাংলাদেশে বিনিয়োগ করেছে। এটি শুধু আমেরিকান কোম্পানি নয়, সারা পৃথিবীর কোম্পানির জন্য একটি ভালো বার্তা। প্রক্টর অ্যান্ড গ্যাম্বেল খ্যাতি, আকার ও অবস্থান বিবেচনায় বিশ্বের একটি সফল কোম্পানি।

প্রক্টর অ্যান্ড গ্যাম্বেল দক্ষিণ এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা মধুসূদন গোপালান বলেন, ১৯৯৪ সাল থেকে আমাদের পণ্য বাংলাদেশের ভোক্তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে। প্রাণের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে চুক্তিভিত্তিক উৎপাদনের ফলে আরো ভালোভাবে আমরা ভোক্তাদের সেবা দিতে পারব। এর মাধ্যমে বাংলাদেশে আমাদের বিনিয়োগের যে প্রতিশ্রুতি তা আরো জোরদার করবে, ফলে কর্মসংস্থান, অংশীদারিত্বসহ নানা সুযোগ সৃষ্টি হবে।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী বলেন, প্রক্টর অ্যান্ড গ্যাম্বেলের পণ্য উৎপাদনে অংশীদার হতে পেরে আমরা গর্বিত।