শিশুদের স্বাস্থ্য সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। শনিবার (২৯ নভেম্বর ) ঢাকায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে পুননির্মিত ও আধুনিকীকৃত কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-এর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শেখ বশিরউদ্দীন বলেন, প্রায়োগিক জ্ঞান, যান্ত্রিক ও মানবিক সক্ষমতার সমন্বয়ে আমাদের রোগীদের সেবাদানের মানসিকতা তৈরি করতে হবে।

সরকার শিশু স্বাস্থ্য সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ জানিয়ে ডাক্তার, নার্স ও কর্মকর্তাদের আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে শিশুদের সর্বোচ্চ স্বাস্থ্য সেবা দেয়ার আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. এ কে এম আজিজুল হক বলেন, হাসপাতালের এ গুরুত্বপূর্ণ ইউনিটটির কার্যক্রম পুনর্বহাল হওয়ায় হৃদরোগে আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরো সম্প্রসারিত হলো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. মো. আবু জাফর, প্রফেসর ডা. মাহবুবুল হক ও প্রফেসর ডা. মোহাম্মদ মনির হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পুননির্মিত আধুনিক কার্ডিয়াক আইসিইউ ইউনিট চালু হওয়ায় দেশের জটিল ও জরুরি হৃদরোগে আক্রান্ত শিশুদের জন্য বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে। এটি শিশু স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

কার্ডিয়াক আইসিইউ ইউনিটটির পুননির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় এটি এখন অত্যাধুনিক মেডিকেল যন্ত্রপাতি ও সুযোগ-সুবিধায় সজ্জিত হয়েছে, যা গুরুতর হৃদরোগী শিশুদের জীবন রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। ২০২৪ সালের ১৯ এপ্রিল ঢাকার আগারগাঁওয়ের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের কার্ডিয়াক আইসিইউতে অগ্নিকাণ্ড ঘটে। এতে কার্ডিয়াক আইসিইউ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ইউনিটটির কার্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিল। আকিজ বশির গ্রুপের সার্বিক সহযোগিতায় কার্ডিয়াক আইসিইউ ইউনিট পুননির্মাণ করে চালু করার উদ্যোগ নেয়া হয়।