আগে ১২ বছরের নিচের শিক্ষার্থীদের জন্য ৫০টি আসন নির্ধারিত ছিল। বর্তমানে অতিরিক্ত ১০০টি আসন বরাদ্দ দেয়ায় মোট আসন দাঁড়িয়েছে ১৫০টিতে।
এ উদ্যোগের জন্য শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন স্পিকারের কাছে আবেদন জানান, যা পরে অনুমোদন করা হয়। গতকাল শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের মতে, এর ফলে আরো বেশি শিক্ষার্থী সরাসরি সংসদের কার্যক্রম দেখার সুযোগ পাবে এবং ছোটবেলা থেকেই গণতান্ত্রিক চর্চা ও সংসদীয় কার্যপ্রণালির সঙ্গে পরিচিত হতে পারবে।
এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা দিতে নানা উদ্যোগ নিতেন। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রজন্মকেও রাষ্ট্র ও রাজনীতি সম্পর্কে সচেতন করে তোলার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।’
এ বিষয়ে সংসদ সচিব মো. গোলাম সারওয়ার ভূঁইয়া জানান, শিক্ষার্থীরা সংসদে এলে অধিবেশন শুরুর আগে তাদের জন্য সংসদের ইতিহাস, স্থাপত্য ও কার্যপ্রণালি সম্পর্কে ধারণা দেয়া হবে, যা তাদের শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।










