গতকাল রাজধানীর যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভ্যাক) শিশুদের খেলার জায়গা উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ত্রিবেদী বলেন, ‘আমি তারেক রহমানের বক্তব্য অনেকবার শুনেছি। তিনি একজন জনসম্পৃক্ত নেতা, আমাদের প্রধানমন্ত্রীও (নরেন্দ্র মোদি) তাই। আমার মনে হয়, দুই নেতা বৈঠকে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এ বিষয়ে আমার পূর্ণ আস্থা রয়েছে।’

দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে ত্রিবেদী বলেন, ‘বর্তমান পরিস্থিতিকে নেতিবাচকভাবে দেখার কোনো কারণ নেই। আমি খুবই আত্মবিশ্বাসী। পরিস্থিতি ইতিবাচকই রয়েছে।’ এদিকে দীনেশ ত্রিবেদী গতকাল পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল বিকালে রাজধানীর একটি রাষ্ট্রীয় অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাসসের খবরে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘এটি ছিল দ্বিপক্ষীয় বিষয় নিয়ে নিয়মিত বৈঠক। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনার বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন।’

বৈঠকের বিষয়ে দুই পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়া না হলেও বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাংবাদিকদের জানান যে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন ভারতীয় হাইকমিশনার। ওই বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে ব্রিফিং করা হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, আজ বেলা ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।