নরসিংদীর রায়পুরায় অপহরণের পাঁচদিন পর ইয়ামিন মিয়া নামে আট বছরের এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বাখরনগর গ্রামের ধানের বীজতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইয়ামিন মিয়া উত্তর বাখরনগর গ্রামের প্রবাসী জামাল মিয়ার ছেলে। এর আগে গত ১ ডিসেম্বর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে অপহরণ করা হয়েছে মর্মে ওই শিশুটির মা শামসুন্নাহার বেগম রায়পুরা থানায় লিখিত অভিযোগ করেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গত ২৮ নভেম্বর উত্তর বাখরনগর ইউপি নির্বাচনের দিন থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। পরের দিন থেকেই ফোনে ও বিভিন্ন সময়ে শিশুটির পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছিল অপহরণকারীরা। বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে মুক্তিপণের ম্যাসেজ পেয়ে রায়পুরা থানা পুলিশকে অবহিত করে শিশুটির পরিবার। এরপর থেকে পুলিশ কাজ শুরু করলেও তার কোনো খোঁজ মেলেনি। গতকাল সকালে বাখরনগর গ্রামের মোতালেব মিয়ার বাড়ির পেছনে একটি ডোবার পাশে ধানের বীজতলা থেকে গলিত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. আতাউর রহমান বলেন, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল দুর্বৃত্তরা। নিখোঁজ ওই শিশুর মা বাদী হয়ে থানায় অভিযোগ করেছিলেন। অভিযোগপত্রে কারো নাম উল্লেখ না করলেও তিনি তিনজন ব্যক্তিকে সন্দেহ করেন বলে আমাদের জানিয়েছিলেন। মরদেহ উদ্ধার করা হয়েছে, পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন।