দেশের সরকারি ও বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিয়েছে পুলিশ। পাশাপাশি তল্লাশি চৌকি ও টহল জোরদারেরও মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করারও নির্দেশনা দেয়া হয় পুলিশ সদর দফতর থেকে। মঙ্গলবার (২ এপ্রিল) বান্দরবানের রুমায় ব্যাক ডাকাতি ও ম্যানেজারকে অপহরণের পর বৃহস্পতিবার পুলিশ সদর দফতর থেকে সকল থানায় এমন নির্দেশন দেয়া হয়।

পুলিশ সরদ দফতরের নির্দেশনা পাওয়ার সংশ্লিষ্ট থানা এলাকার আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা বৃদ্ধি করেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা। ঢাকা ও ঢাকার বাইরের বেশ কয়েকটি থানার ওসির সঙ্গে কথা বলে পুলিশ সদর দফতরের নির্দেশনা পাওয়ার তথ্য নিশ্চিত হওয়া যায়। পরে আর্থিক প্রতিষ্ঠানগুলো সরেজমিন পরিদর্শন করে নানা ধরনের নিরাপত্তা ঘাটতি চিহ্নিত করে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তার বিষয়গুলো নিয়ে পুলিশ কর্মকর্তারা সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপকের সঙ্গে কথা বলেন এবং নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাদের পরামর্শ দেন।

গত বুধবার তারা বান্দরবানের থানচিতে হামলা করে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের শাখা থেকে সাড়ে ১৭ লাখ টাকা লুট করে। এরপর গতকাল রাতেও থানচিতে থানায় গুলিবর্ষণের ঘটনা ঘটে এবং দিবাগত রাত পৌনে একটার দিকে বান্দরবানের আলীকদম থানার ডিম পাহাড়ের ২৬ মাইল এলাকায় পুলিশ ও সেনাদের যৌথ তল্লাশি চৌকিতে হামলা চালায় সন্ত্রাসীরা। স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, এসব ঘটনার নেপথ্যে রয়েছে কেএনএফ।

চট্টগ্রামের এক ওসি বলেন, নির্দেশনা পেয়ে তিনি ব্যাংকে গিয়ে নিরাপত্তা পরিস্থিতি দেখেছেন। একটি বেসরকারি ব্যাংকে নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, ওই কর্মীর হাতে অস্ত্র রয়েছে। কিন্তু তিনি নাকি অস্ত্র চালাতে জানেন না। পরে ব্যাংকের ব্যবস্থাপককে বিষয়টি অবহিত করা হয়। তাকে নিরাপত্তা জোরদারে ব্যবস্থা নিতে বলা হয়। পাশাপাশি পুলিশও সতর্ক থাকছে।