এছাড়া এসব দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী, নারী, অটো ভ্যানচালকসহ আরো চারজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন। প্রতিনিধিদের খবর—

গোপালগঞ্জ: গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের চামটা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। নিহতরা হলেন অচিন্ত্য কুণ্ডু (২৫), উজ্জ্বল বাড়ৈ (৩৫) ও ফয়সাল ব্যাপারী (২০)।

রংপুর: গঙ্গাচড়ার পূর্ব খলেয়া রথবাড়ী এলাকায় শুক্রবার রাতে বালিবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। তারা হলেন রাধা রানী সরকার (৪০) ও অঞ্জনা রানী সরকার (৫০)। মোটরসাইকেলচালক অজিত চন্দ্র সরকার গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

ধামরাই (ঢাকা): ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে বিকল বাসের পেছনে থাকা দুটি মোটরসাইকেলকে ‘স্বাধীনতা পরিবহন’-এর একটি মিনিবাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই ফুপাতো-মামাতো ভাই আবাস সাহা ও সুজয় সাহা। এ ঘটনায় আরো একজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

গাইবান্ধা: গোবিন্দগঞ্জে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় খাজা মিয়া (৫৩) নামের এক অটো ভ্যানচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ভ্যানে থাকা দুই যাত্রী আহত হয়েছেন।