পঞ্চগড়ে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড নবায়নের নামে অর্থ আদায়ের দায়ে অভিযুক্ত ডিলারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে জেলার তেতুঁলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠি বাজারে ডিলার সুলায়মান বাদশাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বাদশা ওই ইউনিয়নের কাটা পাড়া এলাকার মুক্তিযোদ্ধা মুজিব উদ্দিন সরকারের ছেলে।
তেতুঁলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সোহাগ চন্দ্র সাহা এই জরিমানা করেন। সেই সাথে এই ধরনের অপরাধ না করার জন্য ওই ডিলারকে সতর্ক করেন বিচারক। সম্প্রতি সুলায়মান বাদশা দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে এই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, হতদরিদ্রদের নামে সরকারের দেয়া ১০ টাকা কেজি চাল বিক্রয়ে কার্ড নবায়নের নামে গত কয়েকদিন থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে জরিমানা করা হয়েছে। ঘটনাস্থল থেকে উপকারভোগীদের তালিকা ও আদায়কৃত অর্থ জব্দ করে সংশ্লিষ্ট উপকারভোগীদের মাঝে ফেরত দিতে ইউনিয়ন পরিষদ সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ভুক্তভোগীরা জানান, ডিলার সোলায়মান বাদশা পুরাতন কার্ড রেখে নবায়নের কথা বলে একশ টাকা করে নিচ্ছিলো। এ কর্মসুচীর আওতায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে ২৪০ জন উপকারভোগী রয়েছেন।
সুলায়মান বাদশা বলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার নির্দেশে টাকা আদায় করেছি। টাকা আদায়ের নির্দেশ দিয়ে আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহুরুল হক বলেন, কার্ড নবায়নে কোন টাকা নেয়ার নির্দেশ দেয়া হয়নি। কোন ডিলার যদি টাকা আদায় করে থাকেন, সত্যতা সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।









