বান্দরবানে শেখ রাসেল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল জেলার সুয়ালকে বান্দরবান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন ও সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে নির্মিতব্য এ সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। এ সময় তিনি বলেন, পাহাড়ে শান্তি ও উন্নয়নে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিচুক্তি করেছেন। সে কারণে রাঙ্গামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, নার্সিং ট্রেনিং কলেজসহ বিভিন্ন খাতে তিন পার্বত্য জেলায় উন্নয়ন অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফ ইমাম আলী, বান্দরবান ৬৯ পদাতিক রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক, বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. রফিকুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সত্যহা পানজি ত্রিপুরা, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।









