রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবি জানিয়েছে নাগরিক সংগঠন ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন)। শনিবার (২৪ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সুজন আয়োজিত এক মানববন্ধন থেকে উক্ত দাবি জানানো হয়। এ সময় হত্যা ও সহিংসতায় জড়িতদের দ্রুততার সঙ্গে বিচারের আওতায় আনা; আন্দোলনে নিহতদের পরিবারগুলোকে সহায়তা করা ও ক্ষতিপূরণ দেয়া; আহতদের সুচিকিৎসাসহ পুনর্বাসনের ব্যবস্থা করার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে সুজন-এর পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, হত্যা, সহিংসতা, লুটপাটে জড়িতদের চিহ্নিত করার জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে দ্রুত তদন্ত কমিটি গঠন করা; হত্যা ও সহিংসতায় জড়িতদের দ্রুততার সঙ্গে বিচারের আওতায় আনা; আন্দোলনে নিহতদের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট পরিবারগুলোকে সহায়তা করা ও ক্ষতিপূরণ দেয়া; আহতদের সুচিকিৎসাসহ পুনর্বাসনের ব্যবস্থা করা; সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা; রাজনীতিতে ধর্মের ব্যবহার ও সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করা; সংবিধান সংশোধনের লক্ষ্যে রাজনৈতিক ঐকমত্য তৈরি করা; সংবিধানের গণতান্ত্রিক চেতনা পরিপন্থী ৭০ অনুচ্ছেদের সংস্কার করা এবং প্রধানমন্ত্রী পদের মেয়াদ নির্ধারণ করা; জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সব সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানকে দলীয়করণমুক্ত করা; আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক নির্বাচনের ব্যবস্থা করা; ‘না-ভোটে’র বিধান পুনঃপ্রবর্তন করা; নির্দলীয় ভিত্তিতে স্থানীয় সরকারের নির্বাচন আয়োজন করা; স্থানীয় সরকারের কর্মকাণ্ডে সংসদ সদস্যদের হস্তক্ষেপ নিষিদ্ধ করা; সংরক্ষিত নারী আসন এক-তৃতীয়াংশে উন্নীত করা এবং প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা করা; ঋণখেলাপিদের তালিকা প্রকাশ করা; ‘সাইবার সিকিউরিটি অ্যাক্ট’-এর নিবর্তনমূলক ধারাগুলো বাতিলসহ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা; সৎ, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করা; দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়ন এবং বিশেষ ট্রাইব্যুনালে দুর্নীতিবাজদের বিচার করা; তরুণদের নেতৃত্ব বিকাশে কলেজ-বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে ছাত্রসংসদ নির্বাচনের উদ্যোগ গ্রহণ করা; গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা; একটি শোষণহীন মানবিক রাষ্ট্র গড়ে তোলা।

সুজন-এর কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সহ-সম্পাদক জাকির হোসেন, নির্বাহী সদস্য ড. তোফায়েল আহমেদ ও অধ্যাপক রোবায়েত ফেরদৌস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, হেল্প ফাউন্ডেশনের প্রতিনিধি খন্দকার শহীদুল ইসলাম, ওয়াইডব্লিউসিএ প্রতিনিধি পুরবী তালুকদার, সিরাজুল আলম খান ফাউন্ডেশনের সদস্য সচিব ব্যারিস্টার ফারাহ খান, সুজন-এর ঢাকা জেলা কমিটির সম্পাদক মাহবুল হক, ঢাকা মহানগর কমিটির সম্পাদক জুবাইরুল হক নাহিদ প্রমুখ। এছাড়াও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, বিকশিত নারী নেটওয়ার্ক, ইয়ুথ এন্ডিং হাঙ্গার, গণস্বাক্ষরতা অভিযান, ক্যাম্প বাংলাদেশ, হেল্প বাংলাদেশ, বাংলাদেশ রুরাল ডেভলপমেন্ট সোসাইটি, টিএমএসএস, হিউম্যান রাইটস অ্যালায়েন্স বাংলাদেশ, হিউম্যান রাইটস ডেভেলেপমেন্ট সেন্টার, সিরাজুল আলম খান ফাউন্ডেশন ইত্যাদি সংগঠনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।