জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের একটি নির্মাণাধীন প্রকল্পে বরাদ্দ পাওয়া সাবেক সচিব, অবসরপ্রাপ্ত বিচারক ও সরকারি কর্মকর্তাদের ১২টি ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (৮ জুলাই) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুরস্থ বিভিন্ন পরিত্যক্ত বাড়িতে আবাসিক ফ্ল্যাট নির্মাণ (গৃহায়ন ধানমন্ডি) (১ম পর্যায়)’ প্রকল্পের আওতায় ধানমন্ডির সড়ক নং ১৩ (নতুন ৬/এ) এর বাড়ি নং ৭১১ (নতুন ৬৩) এর ওপর নির্মাণাধীন ভবনের ১২টি বরাদ্দ বাতিল করা হয়েছে।

বরাদ্দ বাতিল করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন— দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার ও অবসরপ্রাপ্ত বিচারক মো. জহুরুল হক, সাবেক সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান, দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, সাবেক সচিব এম এ কাদের সরকার, ড. এম আসলাম আলম, আকতারী মমতাজ, মো. সিরাজুল হক খান, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ, সাবেক রেজিস্ট্রার জেনারেল ও জেলা জজ সৈয়দ আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক নেহাল আহমেদ, সাবেক নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান এবং সাবেক সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও কর্তৃপক্ষের ২৭৪তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী এ বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।