বাগেরহাটের মোংলা বন্দরে যুক্ত হলো দুটি শক্তিশালী টাগ বোট এমটি নীল কমল ও এমটি জয়মণি। হংকংয়ের চিও লি শিপইয়ার্ড থেকে গত ৩০ জানুয়ারি মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে নৌযান দুটি। বুধবার এগুলো বন্দরে পৌঁছে। গতকাল দুপুরে আনুষ্ঠানিকভাবে নৌযান দুটির উদ্বোধন করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান। 

তিনি বলেন, ‘১৭৪ কোটি টাকা ব্যয়ে টাগ বোট দুটি সংগ্রহ করা হয়েছে। নতুন করে ৭০ বোলার্ডের টাগ বোট দুটি যুক্ত হওয়ায় বন্দরে আগত বড় বড় বিদেশী বাণিজ্যিক জাহাজ দ্রুত ও নিরাপদে বন্দর জেটিতে ভেড়ানো সম্ভব হবে। এতে সার্বিকভাবে জাহাজ হ্যান্ডলিংয়ে বন্দরের সক্ষমতায় নবদিগন্তের সূচনা হলো।’ 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মো. আসাদুজ্জামান, পরিচালক (প্রশাসন) শাহীনুর রহমান, প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, সচিব (বোর্ড ও জনসংযোগ) কালাচাঁদ সিংহ, প্রধান হাইড্রোগ্রাফার কমান্ডার রাসেল আহমেদ খান, প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রোলিক) ও উপসচিব (বোর্ড ও জনসংযোগ) মো. মাকরুজ্জামান।