ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় অটোরিকশা চোর সন্দেহে তিনজনকে গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনায় ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তারা মিয়া (৪৫), একই এলাকার বাসিন্দা সাইদুর রহমান (৩৫) ও শামীম মিয়া (৩৫)। বুধবার সন্ধ্যার পর তাদের গ্রেফতার করা হয়। গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ তাদের গ্রেফতার করে।

ফুলবাড়ীয়া থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, ২৩ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে এনায়েতপুর ইউনিয়নের মাঝিরঘাট বাজার থেকে স্থানীয় সাইদুল ইসলামের একটি অটোরিকশা চুরি হয়। পরদিন সকালে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তারা মিয়া ও তার লোকজন একই এলাকার জুলহাস মিয়া (২৪), মো. বাবু (২২) ও রিপন মিয়াকে (২৫) বাড়ি থেকে ধরে নিয়ে আসেন। অটোরিকশা চোর সন্দেহে মাঝিরঘাট বাজারে একটি গাছের সঙ্গে বেঁধে তাদের মারধর করেন। পরদিন বিকালে স্থানীয় চেয়ারম্যান বুলবুল হোসেন তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা অটোরিকশা চুরির কথা স্বীকার করেন। অটোরিকশা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিলে তাদের ছেড়ে দেয়া হয়। ওসি বলেন, ওই তিনজনকে মারধরের একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ওই তিনজন থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের গতকাল আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান বুলবুল হোসেন জানান, চুরির বিষয়টি স্বীকার করার পর অটোরিকশা ফিরিয়ে দেয়ার শর্তে ওই তিনজনকে ছেড়ে দেয়া হয়। তবে তাদের নির্যাতন করা হয়েছে কিনা তা আমার জানা নেই।