বান্দরবানের রুমা উপজেলার গ্যালেঙ্গ্যা ইউনিয়নে একটি পাড়ার কারবারিসহ (পাড়াপ্রধান) তার চার ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আউপাড়ায় এ ঘটনা ঘটে। গতকাল সন্ধ্যায় মরদেহগুলো উদ্ধার করে রুমা থানায় নিয়ে আসে পুলিশ।
নিহতরা হলেন পাড়াপ্রধান লকরুই ম্রো (৬৭) ও তার চার ছেলে রুংতুই ম্রো (৪৫), লেংলি
ম্রো (৪০), মেনওয়াই
ম্রো (৩৭) ও রিংরাও ম্রো (২৫)।
জনপ্রতিনিধি ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে আউপাড়ার কারবারিসহ তার চার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পাড়াবাসী। পাড়াবাসীর অভিযোগ, ওই পরিবারটি জুম ভূমির লোভে ও পাড়ায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে স্থানীয়দের বিরুদ্ধে কালো জাদুমন্ত্র করে আসছে। এজন্য বছরজুড়ে পাড়ার বেশির ভাগ মানুষ শারীরিক ও মানসিক নানা সমস্যায় ভুগত, যা এর আগে ছিল না। এর জেরে পাড়াবাসী হত্যার ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী পরিবারের সদস্যসহ পাড়ার মানুষজন বাংলা ভাষা না বোঝার কারণে দোভাষীর মাধ্যমে প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে। এতে অনেক সময় লাগছে। গতকাল সকাল ১০টার দিকে এ হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। সন্ধ্যায় মরদেহগুলো রুমা থানায় আনা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানায় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম চৌধুরী। তিনি বণিক বার্তাকে বলেন, ঘটনাস্থলটি দুর্গম পাহাড়ের গহিনে অবস্থিত। হাঁটা পথ ছাড়া অন্য কোনো বিকল্প নেই। বান্দরবান-রুমা সড়ক হেঁটে যেতে প্রায় ৫ ঘণ্টা সময় লাগে।









