কোটা সংস্কার আন্দোলনে বিক্ষোভরত এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা যায়, নিহত ওই শিক্ষার্থী এমআইএসটিতে অধ্যয়নরত ছিলেন।
সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা
ড. আনোয়ারুল কাদের নাজিম বিকালে বণিক বার্তাকে তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমাদের
হাসপাতালে একজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। কিছুক্ষুণের মধ্যেই তাকে নিয়ে যাওয়া যায়।
এরপর কী হয়েছে তা সাভার থানা পুলিশ বলতে পারবে। প্রায় পাঁচজন আহত হয়ে এ হাসপাতালে চিকিৎসা
নিয়েছেন।’
আজ দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় কোটা
সংস্কার আন্দোলনকারীরা বাজার বাসস্ট্যান্ড অবরোধ করে পাকিজা এলাকার দিকে এগিয়ে যান।
এ সময় সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, পুলিশ এবং বিজিবি সদস্যরা অবস্থান
নেন।
কোটা সংস্কার আন্দোলনকারীরা সামনে এগোতে থাকলে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, পুলিশ এবং বিজিবি সদস্যরা তাদের ধাওয়া দেয়। শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ। আন্দোলনকারীরা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ সদস্যরাও আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারসেল নিক্ষেপ ও গুলি চালান।










