দেশের বেসরকারি উন্নয়ন সংস্থা পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) নতুন কর্মসূচির উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার রাজধানী গুলশানের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ফোরটিফাইং অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু আপহোল্ড ‘এসআরএইচআর’ মুভমেন্ট (ফোকাস) শীর্ষক কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. রোকেয়া সুলতানা। আয়োজকরা জানান, দেশে এসআরএইচআর (যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার) এজেন্ডাকে এগিয়ে নিতে ইন্টারন্যাশনাল প্ল্যান্ড প্যারেন্টহুড ফেডারেশনের (আইপিপিএফ) সহযোগিতায় পিএসটিসি কাজ করছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকার প্রতিটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে মানসম্পন্ন এসআরএইচআর পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রচেষ্টা থাকা সত্ত্বেও সবাই তার চাহিদা অনুযায়ী সেবা নিতে পারছে না। কারণ যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ে অনেক কুসংস্কার ও ভুল ধারণা আছে। এ বিষয়ে নীরবতা মানুষকে ভুল সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত করে যা ব্যক্তির স্বাস্থ্য ও পারিবারিক বিষয়ে নেতিবাচক প্রভাব ফেলে।’ ফোকাসের কর্মসূচি এ বাধাগুলো দূর করতে ও চাহিদা অনুযায়ী স্বাস্থ্যসেবা পেতে কাজ করবে বলে প্রত্যাশা করেন তিনি। 

পিএসটিসির চেয়ারপারসন সানজিদা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিএসটিসির নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এএনএম আল ফিরোজ, আইপিপিএফের আঞ্চলিক পরিচালক (রিজিওনাল ডিরেক্টর) তোমোকো ফুকুদা, অক্সফাম ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশিষ ডামলে, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের বাংলাদেশ অ্যাম্বাসির জেন্ডার অ্যান্ড সিভিল সোসাইটির পলিসি অ্যাডভাইজার মাশফিকা সাটিয়ার, গণমাধ্যম ব্যক্তিত্ব ও এক্সপ্রেশন লিমিটেডের পরিচালক ত্রপা মজুমদার এবং কেয়ার বাংলাদেশের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশনের পরিচালক টনি মাইকেল গোমেজ।