মিরসরাইয়ে হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি আহসান হাবীর রনিকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কাইয়ূম খান সিদ্দিকীর নেতৃত্বে ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ ভূমি অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আহসান হাবীর রনি ওয়াহেদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ির আলী আকবরের ছেলে।

মিরসরাই থানার ওসি মজিবুর রহমান জানান, রনি দীর্ঘদিন ধরে পলাতক। তার বিরুদ্ধে মিরসরাই থানায় হত্যাসহ চারটি মামলার গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের মাধ্যমে ওয়াহেদপুরের ছোট কমলদহ এলাকা থেকে রনিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।