সীমান্ত রক্ষার প্রশ্নে নিয়মনীতির বাইরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) কোনো ধরনের ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, ‘সীমান্ত রক্ষার জন্য আমরা বদ্ধপরিকর। বিএসএফকে আমরা কোনো ধরনের ছাড়—যেটা নিয়মনীতির বাইরে, আমরা দেব না—এটুকু আশ্বাস দিতে চাই।’
গতকাল পিলখানায় বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
প্রবল ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর কি সীমান্তে ভারতের মনোভাব বদলেছে? এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে ডিজি আশরাফুজ্জামান বলেন, ‘যেসব মাইনরিটি আছে, তারা চলে যেতে পারে—প্রথম থেকে এ ধরনের একটি অপপ্রচার ছিল। তখন আমরা দেখতে পেয়েছি—বিএসএফ তাদের ক্যাম্পগুলোয় জনবল বাড়িয়েছে, তারা অত্যন্ত সতর্ক অবস্থায়।’









