অর্থ পাচার প্রতিরোধ আইনের মামলায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কিনা সে বিষয়ে আগামী ১২ জুন আদেশ দেবেন আদালত। ঢাকার ৪ নম্বর বিশেষ জজ সৈয়দ আরাফাতের আদালতে গতকাল এ মামলায় ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হয়। শুনানি চলে প্রায় সাড়ে ৩ ঘণ্টা।

গত ১ ফেব্রুয়ারি মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর গত ২ এপ্রিল অভিযোগপত্র আমলে নেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন। তিনি অভিযোগ গঠনের শুনানির জন্য মামলাটি পাঠান বিশেষ জজ আদালত-৪-এ। 

দুদক উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে ২০২৩ সালের ৩০ মে এ মামলা করেন। মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামিরা ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ করেছেন।