কুমিল্লায় যুবদল ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরো পাঁচজন। গুলিবিদ্ধদের মধ্যে মহানগর যুবদলের সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু (৩৮) রয়েছেন। গতকাল বিকাল সাড়ে ৩টায় মহানগরের দক্ষিণ চর্থায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে দক্ষিণ চর্থা থেকে মিছিল বের করেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি নিয়ে শহরের দিকে আসছিলেন তারা। এ সময় আওয়ামী লীগের মিছিলের মুখোমুখি পড়ে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে গোলাগুলির ঘটনাও ঘটে। যুবদলের কয়েকজন নেতকর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে বলেও দাবি করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন যুবদল কর্মী শহিদুল ইসলাম ছোটন (৩৮), রুমন হাসান, (৩৭) ও সুমন (৪৬), ছাত্রদল কর্মী রাব্বি (৩০) ও পাভেল (৩২)।
এ ব্যাপারে কুমিল্লা সদর থানার ওসি ফিরোজ হোসেন জানান, পুলিশ সেখানে যাওয়ার আগেই দুই পক্ষের নেতাকর্মীরা পালিয়ে যান। পুলিশ গুলিবর্ষণ করেনি। তারা নিজেরা নিজেরাই গোলাগুলি করেছে।










