পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ সম্পর্কে বলেছেন, ‘‌রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করবে। তবে কেউ যদি মানুষের জানমালের নিরাপত্তার হুমকির সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পুলিশ প্রশাসন মানুষের জানমাল ও সরকারি সম্পত্তি রক্ষায় প্রস্তুত রয়েছে।’ গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

আইজিপি বলেন, ‘পূজামণ্ডপ ঘিরে কোনো শঙ্কা বা নাশকতা আমরা অনুভব করছি না। তবে যেকোনো শঙ্কা বা নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখেই আমরা পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি। আমরা কোনো আত্মতৃপ্তিতে ভুগছি না।’

তিনি হিন্দু সম্প্রদায়ের লোকজনের উদ্দেশে বলেন, ‘‌নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার দৃষ্টান্ত রয়েছে। সে কারণেই নারায়ণগঞ্জ পূজা দেখতে এসেছি। হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে এসেছি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আপনাদের পাশে আছে। আশা করছি, গত বছরের মতো এবারো উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গা পূজা সম্পন্ন হবে।’ 

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ মাহামুদুল হক, নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শংকর কুমার সাহা, এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা প্রমুখ।