ঝালকাঠির নলছিটি উপজেলায় মাছ ধরা নিয়ে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত শনিবার রাত সাড়ে ৯টায় উপজেলার মোল্লারহাট ইউনিয়নের মালুহার গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত খোকন চন্দ্র শীল (৬৫) মালুহার গ্রামের মৃত মাধব চন্দ্র শীলের ছেলে। এ ঘটনায় জড়িত অভিযোগে লিপি (৩০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। লিপি অভিযুক্ত সঞ্জয় চন্দ্র শীলের স্ত্রী।

নিহত খোকন চন্দ্র শীলের ছেলে সঞ্জীব চন্দ্র শীল বলেন, আমাদের বাড়ির সামনেই খাল আছে। সেখানে আমার প্রতিবেশী সঞ্জয় চন্দ্র শীল মাছ ধরছিলেন। আমি তাকে মাছ ধরতে নিষেধ করলে আমাকে গালি দেয়ার একপর্যায়ে মারধর শুরু করেন। পরে আমার বাবা ভাত খাওয়া অবস্থায় আমাদের থামানোর জন্য এলে তাকেও  সঞ্জয় ও তার স্ত্রী  লিপি  মারধর করেন। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ওসি আতাউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।