স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র সিরডাপের নবনির্বাচিত সভাপতি হিসেবে সংস্থাটির প্রতিষ্ঠাতাদের স্বপ্নপূরণে প্রতিশ্রুতিবদ্ধ থাকব।’
তিনি গতকাল সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) উদ্যোগে আয়োজিত ‘স্থানীয় সরকার শক্তিশালীকরণে চ্যালেঞ্জ ও নির্বাচনে দলীয় প্রতীকের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন।
গত ৪-৬ জুন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত সিরডাপের ২৪তম সভায় ১৫টি সদস্য রাষ্ট্রের সমর্থনে মো. তাজুল ইসলাম এমপিকে পরবর্তী দুই বছরের জন্য সংস্থাটির গভর্নিং কাউন্সিলের সভাপতি নির্বাচিত করা হয়৷। একই সঙ্গে সহসভাপতি নির্বাচিত হন সদস্য রাষ্ট্র ফিজির পল্লী ও সমুদ্র উন্নয়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী সাকিয়াসি রাইসেভু দিতোকা। মহাপরিচালক নির্বাচিত হন সদস্য রাষ্ট্র ভারতের ড. পি. চন্দ্র শেখর।
তিনি আরো বলেন, ‘একটি রাষ্ট্রের আর্থসামাজিক উন্নয়নের জন্য স্থানীয় সরকারকে শক্তিশালীকরণের বিকল্প নেই। স্থানীয় সরকারকে শক্তিশালীকরণ বিষয়ে কারো দ্বিমতেরও সুযোগ নেই। কিন্তু মতভেদটা হচ্ছে মূলত আইন সংশোধন নিয়ে। আইন মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য সংশোধন হয়,৷ পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতেও তাই হয়েছে। সময়ের সঙ্গে সংগতিপূর্ণ রেখে আইন সংশোধন হচ্ছে। আর মতপার্থক্য যা হচ্ছে তা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। গণতান্ত্রিক প্রক্রিয়ায় মতামত প্রদানের অধিকার থাকবেই। এখানে যেমন ভালো কাজের প্রশংসা করার সুযোগ থাকে, মন্দ কাজের সমালোচনা করারও সুযোগ থাকে৷ মাঝে মাঝে আমার ভালো কাজেরও সমালোচনা করা হয়। স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক ব্যবহারের সমালোচনা যেমন হয়েছিল, প্রতীক ব্যবহার না করার ক্ষেত্রেও মতভেদ আছে।৷ সময়ের সঙ্গে সংগতি রেখেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে৷।’
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার কবিতা খানম, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মুখ্য পরিচালক ড. আব্দুল আলীম প্রমুখ। সেমিনারে সভাপতিত্ব করেন আরএফইডির চেয়ারম্যান একরামুল হক সায়েম।










