জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শনিবার (৪ এপ্রিল) বিকালে ঢাকা-ময়মনসিংহ হাইওয়ের পাশে বিভাগীয় নগরীর শিকারীকান্দা ছত্রপুরে তথ্য কমপ্লেক্সের জন্য অধিগ্রহণ করা নিজস্ব জায়গায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের ৬৪টি জেলায় ৬৪টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। বিভাগীয় শহরসহ ২৬টি জেলার কাজ হাতে নেয়া হয়েছে। এটা আমার প্রথম উদ্বোধনী অনুষ্ঠান। কয়েক সপ্তাহের মধ্যেই আরো চারটি ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হবে। প্রয়োজনে অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে আমরা উপজেলা পর্যায়েও তথ্য কমপ্লেক্স ভবন করার প্রকল্প হাতে নেব। নির্বাচনী ইশতাহার নিয়ে জনগণের কাছে গিয়েছিলাম। জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষার সর্বোচ্চ চেষ্টা করছি।

তিনি আরো বলেন, বিগত সরকারের আমলে উন্নয়নের নামে হাতে প্রকল্প নেয়া হয়েছিল কিন্তু কাজ হয়নি। আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের কাজে দুর্নীতি স্পর্শ করতে পারবে না। গুনাগুণ ঠিক রেখে সঠিকভাবে কাজ শেষ করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান তিনি।

গণমাধ্যম প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি আমরা। কিন্তু মিস ইনফরমেশন দেবেন না। তথ্যের অবাধ প্রবাহ যেন বজায় থাকে সেদিকে খেয়াল রাখবেন। মিথ্যা বা বানোয়াট কিছু যেন সংবাদে রূপ না নেয়।

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, ময়মনসিংহ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান প্রমুখ।