কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে সংঘাত-সহিংসতার ঘটনায় রাজধানীর থানাগুলোয় ৩৮টি মামলা হয়েছে। এসব মামলায় এরই মধ্যে ১ হাজার ১১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে। তবে বিএনপির দাবি, এ সময়ের মধ্যে তাদের দুই হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপি জানায়, শিক্ষার্থীদের আন্দোলন সামনে রেখে রাজধানীজুড়ে ব্যাপক সহিংসতা চালানো হয়েছে। বিশেষ করে পুলিশ সদস্যদের ওপর হামলা, থানা-ফাঁড়িসহ ট্রাফিক বক্সে হামলা হয়েছে। অগ্নিসংযোগ করা হয়েছে পুলিশের যানবাহন ও বিভিন্ন স্থাপনায়। সহিংসতার এসব ঘটনায় গত সোমবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৩৮ মামলা করা হয়েছে। এসব মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে পাঁচ হাজারের বেশি লোককে।
এদিকে গতকাল নিজ দপ্তরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে অতিরিক্ত পুলিশ কমিশনার ও গোয়েন্দা (ডিবি) প্রধান হারুন অর রশীদ বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের নামে রাজধানীসহ দেশজুড়ে সহিংসতা চালিয়েছে জামায়াত-বিএনপি।’










