দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত উত্তরাঞ্চল বন্যা, খরা ও নদীভাঙনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে না। তাই এ মহাপরিকল্পনার বাস্তবায়ন এখন সময়ের দাবি।

আজ বৃহস্পতিবার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট, রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নের পানিবন্দী মানুষের মধ্যে জরুরি ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, সম্প্রতি চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তিস্তা ইস্যুতে সরকারের অবস্থান তুলে ধরেছেন। তিনি বলেন, বর্তমান সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

‘‌জাগা বাহে তিস্তা বাঁচাই' আন্দোলনের বাণী উত্তর জনপদের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে বলেন, তিস্তা বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জীবন, জীবিকা এবং অর্থনীতির সঙ্গে গভীরভাবে জড়িত একটি আন্তঃসীমান্ত নদী। এটি কেবল একটি প্রাকৃতিক জলধারা নয়, বরং কৃষি উৎপাদন, মৎস্যসম্পদ, পরিবেশগত ভারসাম্য, জীববৈচিত্র্য এবং আঞ্চলিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি।