কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ স্কুল ছাত্র আবদুল্লাহর (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সৈকতের সোনারপাড়া এলাকার ডেইল পাড়া উপকূলে মরদেহটি ভেসে আসে। পরে সেখান থেকে তা উদ্ধার করা হয়।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, বুধবার বেলা ১১টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে গোসলে নেমে ইনানী সৈকত থেকে এই স্কুল ছাত্র নিখোঁজ হয়। তাকে উদ্ধারের জন্য তৎপরতা চালানো হলেও উদ্ধার করতে পারেনি। সাড়ে সাত ঘণ্টা পর মরদেহ ভেসে আসে।
আবদুল্লাহ সেনা বাহিনীতে কর্মরত চিকিৎসক কর্নেল শহিদের ছেলে। তাদের বাসা ঢাকার মহাখালী ডিওএইচএস। আবদুল্লাহ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল।









