চট্টগ্রামে আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলার বিচার বিভাগীয় তদন্ত, সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে স্ত্রী হত্যার সাজানো মামলায় পিবিআই হেফাজতে বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদ এবং তার মুক্তি ও চাকরিতে পুনর্বহালের দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার হাটফাজিলপুর বাজারে সর্বস্তরের এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ মানববন্ধনে এলাকার শত শত নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে ব্যানার ও প্লাকার্ড নিয়ে অংশ নেন।

সাবেক জেলা পরিষদ সদস্য ও শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান  আমজাদ হোসেন মোল্লার    সভাপতিত্বে ও আবাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সম্রাট হোসেন বিশ্বাসের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন আবাইপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. হেলাল উদ্দীন বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খালেকুজ্জামান উকিল, বাবুল আক্তারের বাবা সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল ওয়াদুদ মিয়া,  বাগুটিয়া জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হাবিবুর রহামন, শামীমুল ইসলাম শামীম, ইকতিয়ার হোসেন মিয়া, বগুড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান কাজল প্রমুখ।

বক্তারা সাজানো মামলায় বাবুল আক্তারকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করে তার মুক্তি দাবি করেন।