ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ শুক্রবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে আয়োজিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে তার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল শ্রদ্ধা নিবেদন করে।
এর আগে তেহরানে ইরানের ইসলামিক কনসাল্টেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেন হাফিজ উদ্দিন আহমদ। বৈঠকে স্পিকার গালিবাফ বাংলাদেশের স্পিকার ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানান।
এ সময় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক এবং এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, এ জাতীয় শোকের সময়ে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ইরান সরকার এবং দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা ও সংহতি জানানো হচ্ছে। বৈঠকে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের বিষয়ও উঠে আসে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্ব, সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগের কথা উল্লেখ করে বলেন, ভবিষ্যতে এ সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে তিনি আশাবাদী।










