কুমিল্লার দেবিদ্বারে ভাত খাওয়ার জন্য সৎ মায়ের কাছে বায়না ধরেছিল ৯ বছরের শিশু আবদুল্লাহ। তাই বিরক্ত হয়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে শিশুটির সৎমা ফারজানার বিরুদ্ধে। এ ঘটনায় সৎ মা ফারজানাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ইউসুফপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শিশু মো. আব্দুল্লাহ উপজেলার ইউসুফপুর গ্রামের পশ্চিমপাড়ার ঘোড়া গাজী সরকার বাড়ির আমানউল্লাহর ছেলে। সে একই গ্রামের একটি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
দেবিদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয়রা জানান, তিন বছর আগে আবদুল্লাহর বাবার সঙ্গে তার মায়ের তালাক হয়। পরে ফারজানা আক্তারকে বিয়ে করেন আবদুল্লাহর বাবা। বর্তমানে ফারজানার আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। ফারজানার নিজের ছেলে সন্তান হওয়ার পর সৎ ছেলে আবদুল্লাহকে সহ্য করতে পারছিলেন না। প্রায়ই শিশু আবদুল্লাহকে মারধর ও নির্যাতন করতেন ফারজানা। শনিবার সকালে আবদুল্লাহ ফারজানার কাছে ভাত খেতে চাওয়ায় বিরক্ত হয়ে শিশু আবদুল্লাহর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ বাড়ির উঠান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য মোসলেম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি উঠানে আবদুল্লাহর লাশ পড়ে আছে। গলায় কয়েকটি দাগ পাওয়া গেছে।
ওসি নয়ন মিয়া বলেন, নিহত আবদুল্লাহর বাবা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত ফারজানাকে গ্রেফতার করা হয়েছে। ফারজানাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশের সুরতহাল দেখে মনে হয়েছে তাকে হত্যা করা হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন
তিনি।










