মেট্রোরেলের ভাড়া বৃদ্ধির সংবাদে উষ্মা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, হঠাৎ করে মেট্রোরেলের ভাড়ার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিষয়টি সরকার জানে না। শুক্রবার (৫ এপ্রিল) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মৎস্যজীবী লীগের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘হঠাৎ করে কারা জুলাই থেকে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট ১৫ শতাংশ বাড়বে বলে ঘোষণা দিয়েছে। এ সম্পর্কে আমরা কিছুই জানি না। এটা আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করব। গণপরিবহনের একটি বিশেষ সেবাধর্মী পরিবহন মেট্রোরেল। মানুষ এর সুফল পাচ্ছে। এখনো জুলাই মাস অনেক দূরে। আর আমরা এ নিয়ে কোনো সিদ্ধান্তও নেইনি।’
তিনি বলেন, সরকারের উচ্চ পর্যায়ের কোনো সিদ্ধান্ত হওয়ার আগে হুট করে কে বা কারা এ ধরনের খবর দিল আমি জানি না। বিষয়টি সাংবাদিকদের জিজ্ঞাসা করা উচিত ছিল। তারা কিন্তু আসল জায়গায় যায়নি।










