রফতানিমুখী শিল্পের জন্য এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ) অর্থায়ন পেতে ব্যাক-টু-ব্যাক এলসির আওতায় স্থানীয় সরবরাহের বিল ২৭০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এ সময়ের বেশি কোনো লোকাল ডেলিভারি বিল বকেয়া থাকলে অথরাইজড ডিলার (এডি) ব্যাংক সংশ্লিষ্ট রফতানিকারকের ইডিএফ অর্থায়নের আবেদন বিবেচনা করবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনের কপি দেশের সব এডি ব্যাংকের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্তের ফলে ব্যাক-টু-ব্যাক এলসির বিপরীতে স্থানীয় সরবরাহের বিল পরিশোধের সময়সীমা এবং ইডিএফ অর্থায়নের ক্ষেত্রে ওভারডিউ নির্ধারণের সময়সীমা একই কাঠামোয় চলে এলো। কেন্দ্রীয় ব্যাংক বলছে, অনুমোদিত ইউজেন্স পিরিয়ড এবং ওভারডিউ স্ট্যাটাস নির্ধারণে সামঞ্জস্য আনতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ২৩ জুলাই জারি করা এফইপিডি-১ সার্কুলার নং ২৪-এর ৪(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী ইডিএফ ঋণের জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন পাঠানোর আগে এডি ব্যাংককে ডিমড এক্সপোর্টারের (প্রচ্ছন্ন রফতানিকারক) ওভারডিউ স্ট্যাটাস যাচাই করতে হয়। আর গত ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নং ৩০-এর পার্ট-জি-এর ২(ঘ) অনুচ্ছেদে ব্যাক-টু-ব্যাক ইমপোর্ট এলসি ইউজেন্স ভিত্তিতে সর্বোচ্চ ২৭০ দিনের জন্য খোলার অনুমতি দেয়া হয়েছে।
নতুন নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক বলেছে, এলিজিবল প্রডিউসারদের বাল্ক ইমপোর্টের বিপরীতে এডি ব্যাংকগুলো ইডিএফ ফাইন্যান্স বিবেচনা করতে পারবে। তবে শর্ত হলো, ব্যাক-টু-ব্যাক এলসির বিপরীতে লোকাল ডেলিভারি বিল ২৭০ দিনের বেশি সময় আউটস্ট্যান্ডিং থাকা যাবে না।
এর ফলে ব্যাক-টু-ব্যাক এলসির মাধ্যমে স্থানীয়ভাবে কাঁচামাল বা অন্যান্য উপকরণ সংগ্রহের পর সংশ্লিষ্ট বিল ২৭০ দিনের মধ্যে পরিশোধ না হলে তা ওভারডিউ হিসেবে বিবেচিত হবে। ইডিএফ অর্থায়নের আবেদন যাচাইয়ের সময় এ ধরনের বকেয়া বিল বিবেচনায় নেবে এডি ব্যাংক।
তবে ইডিএফ ঋণের কার্যক্রম পরিচালনা-সংক্রান্ত এফইপিডি-১ সার্কুলার নং ২৪-এর অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সার্কুলারের বিষয়বস্তু সংশ্লিষ্ট গ্রাহকদের অবহিত করার জন্যও এডি ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।









