সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত নবম পে-স্কেলের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৩১ আগস্ট) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

নতুন জাতীয় বেতনস্কেলে সরকারি কর্মচারীদের মোবাইল ভাতার আওতা বাড়ানো হয়েছে। নতুন কাঠামোয় ১ম থেকে ২০তম—সব গ্রেডের কর্মচারী এ ভাতা পাবেন। এত দিন নির্দিষ্ট পর্যায়ের, বিশেষ করে ৫ম গ্রেড পর্যন্ত কর্মচারীরা মোবাইল ভাতার সুবিধা পেতেন।

সরকারি দপ্তরগুলোয় দাপ্তরিক কাজে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ায় কর্মীদের ব্যক্তিগত মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারের প্রয়োজনীয়তাও বেড়েছে। ই-মেইল, অনলাইন সভা, ডিজিটাল ফাইল ব্যবস্থাপনা ও বিভিন্ন অ্যাপভিত্তিক কার্যক্রমে অংশ নিতে হচ্ছে প্রায় সব পর্যায়ের কর্মচারীকেই।

এ বাস্তবতা বিবেচনায় নিয়ে নতুন বেতন কাঠামোয় মোবাইল ভাতার সুবিধা সব গ্রেডে সম্প্রসারণ করা হয়েছে। ফলে প্রথমবারের মতো ১ম থেকে ২০তম গ্রেডের সব সরকারি কর্মচারী এ ভাতার আওতায় আসছেন।

জাতীয় বেতনস্কেল ২০২৬ আগামী ১ জুলাই ২০২৬ থেকে সরকারি কর্মচারীদের জন্য ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। বেতনস্কেল বাস্তবায়নের আর্থিক সংশ্লেষ ও সামগ্রিক মূল্যস্ফীতির ওপর প্রভাব বিবেচনায় নিয়ে চলতি ২০২৬-২৭ ও আগামী ২০২৭-২৮ এই দুই অর্থবছরে পর্যায়ক্রমে এটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন বেতনস্কেলের আওতায় প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন।