চট্টগ্রামে নির্মাণাধীন একটি ভবনের হিমাগারে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। দুপুরে চন্দনপুরা, আগ্রাবাদ ও লামারবাজার ফায়ার স্টেশনের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এর আগে বেলা ১১ টায় চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন সৈয়দ শাহ রোডের তাজা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ লিমিটেড নামের হিমাগারে এ আগুন লাগে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মালেক বণিক বার্তাকে বলেন, বেলা ১১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে তিনটি ফায়ার সার্ভিস স্টেশনের আটটি ইউনিট তাৎক্ষণিকভাবে কাজ শুরু করছে। পরে দুপুরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা মো. শাখাওয়াত হোসেন জানান, নির্মাণাধীন ভবনে একটি হিমাগার নির্মাণ করা হচ্ছিল। হিমাগারের জন্য ভবনে কাঠ মজুদ করা ছিল। অনেকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন তিনি।










