ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এ নির্বাচনের আগে শেষ মুহূর্তে প্রার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে প্রার্থীদের কাছে ভোট চাচ্ছেন।
এবারের ডাকসু নির্বাচনে ভিপি পদে আলোচিত প্রার্থীদের মধ্যে অন্যতম ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে ‘ভোট ও দোয়া’ চেয়েছেন।
ফেসবুক পোস্টে আবিদুল ইসলাম খান লেখেন, ‘জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জিং মুহূর্তে দাঁড়িয়ে বলছি, আমাদের ছেড়ে যাবেন না, যেভাবে ছেড়ে যাইনি ৫ আগস্টে। প্রিয় বাংলাদেশ! আমাদের দুআতে রাখুন।’
তফসিল অনুযায়ী— বিকেল ৪টা পর্যন্ত ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। ক্যাম্পাসের আট কেন্দ্রে ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। নির্বাচনে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে। কেন্দ্রীয় সংসদে ২৮টি, হল সংসদে ১৩টি পদে। ভোটগণনা শেষে রাতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফল ঘোষণা করা হবে।
ডাকসুতে মোট ৩৯ হাজার ৮৭৪ জন ভোটারের মধ্যে ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন। নির্বাচনে ২৮ পদের বিপরীতে লড়ছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন ও নারী প্রার্থী ৬২ জন।










